
সংগৃহীত ছবি
তারেক রহমানকে অশালীন ভাষায় যারা গালিগালাজ করছেন, ধুয়ে দিচ্ছেন। তারা কি ভুলে গেছেন ৫ আগস্টে বিজয়ের সেই উত্তাল সময়ে তারেকের ভূমিকা?
‘বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়।’
এমন একটি কথা কিন্তু ঝঞ্ঝাবিক্ষুব্ধ ওই সময়, তারেক রহমানই বলেছিলেন। এ রকম একটা কথা কিন্তু ওই দিন তার মুখ দিয়েই বের হয়েছিলো।
তারেক রহমানকে যারা বিশ্রি ভাষায় গালিগালাজ করছেন, তারা কি ভুলে গেলেন সেদিন বিজয়ের প্রথম প্রহরে তারেক জিয়ার মুখের ওই কথাটির ওজন ও প্রভাব?
আওয়ামী লীগের পতনের পর সেই রাতে একলাখ লোক নাই হয়ে যাবে, আওয়ামী লীগের তরফ থেকেই এমন কথা বলা হয়েছিলো ২০১৪ সাল থেকে। এর দশ বছর পর ফ্যাসিবাদের পতন হলেও যে এতোটা প্রাণহানি হয়নি (বিনা বিচারে কোনো প্রাণহানিই কাম্য নয়), তা কিন্তু বিজয়ের পর এই তারেকের সেই ভূমিকার কারণেই।
‘বিজয়ের এই আনন্দঘন সময় রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসাপরায়ণ হবেন না। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না।’শহীদ জিয়ার ছেলের এই বক্তব্য সেদিন প্রতিশোধপরাণ ও বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেছিলো। আপনি স্বীকার করুন, আর না করুন। যেমন, একাত্তরে দিশাহীন জাতিকে যুদ্ধের ময়দানে নামিয়েছিলো, মেজর জিয়ার উই রিভোল্ট হুংকার।
সেদিন তারেক রহমানের খানিক নিরবতা, কিংবা একটু মৌনতা অথবা কিছু সময় অফলাইনে থাকার ফলে দেশে যে কী হতো, এখন তা কল্পনাও করা যাবে না।
যারা ‘দুই সাপের একই বিষ’ তত্ত্বের প্রবক্তা সেজেছেন, তারা কি পতিত প্রধানমন্ত্রী বা তার পুত্রের মুখ থেকে এমন একটা কথা হাজির করতে পেরেছেন, এই এতোটা দীর্ঘ সময়েও?
গালিগালাজ করছেন, করেন। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, প্রতিটা ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। বিএনপির সমালোচনা করেন, তারেক রহমানেরও করেন। কিন্তু শালীনতা বজায় রেখে করেন। যে সমালোচনা তারেকের প্রাপ্য, তাকে তা দিন। যে গালিগালাজ তার প্রাপ্য না, তাকে তা দেওয়ার আগে ভাবুন।
হাসিনার সাথে খালেদা জিয়ার চিন্তা ও কর্মের পার্থক্য বহু আগেই, বহুভাবে প্রমাণিত হয়ে গেছে। হাসিনার সাথে তারেকের চিন্তা ও কর্মের পার্থক্য প্রমাণিত হয়ে গেছে। বোঝেন না কেন?
তারেক রহমান কি তার দলের নেতাকর্মীদের অপকর্মের পক্ষে সাফাই গেয়েছেন? অস্বীকার করেছেন? ব্যবস্থা নেননি? সেই ব্যবস্থা যদি কার্যকর না হয়, কাজ না করে থাকে, তাহলে সেটা বলুন। সেটা নিয়ে সমালোচনা করুন।
তারেক রহমান কি সরকারকে ব্যবস্থা নিতে মানা করেছেন? সরকার কার্যকর ব্যবস্থা নিলে এরকম ঘটনা ঘটতে পারে? সম্ভব?
মাস্টারমাইন্ডের বিতর্কে না যাই। তারেক রহমান কিন্তু বিপ্লবের একটি বড়ো স্টেকহোল্ডার, সেটাও মাথায় রাখুন। তাকে বিতর্কিত করা হলে, হেয় করা হলে; লাভবান কারা হবে, সেটাও ভাবুন।
লেখকঃ গণমাধ্যম কর্মী
(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)