প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৪:০৯ পিএম

সংগৃহীত ছবি
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে নতুন এক ব্যতিক্রমধর্মী মেসেজিং প্ল্যাটফর্ম নিয়ে এসেছেন টুইটারের (বর্তমানে এক্স) সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জ্যাক ডরসি। ‘বিটচ্যাট’ নামের এই অ্যাপটি ইন্টারনেটবিহীন যোগাযোগ নিশ্চিত করবে।
বিটচ্যাট একটি বিকেন্দ্রীকৃত ও পিয়ার-টু-পিয়ার মেসেজিং সিস্টেম, যা ব্লুটুথ মেশ নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। এতে ইন্টারনেট, কেন্দ্রীয় সার্ভার, ফোন নম্বর কিংবা ই-মেইল কিছুরই প্রয়োজন হয় না। সম্পূর্ণ নতুন প্রযুক্তিকে ভিত্তি করে নির্মিত এই অ্যাপটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগ্রহী ব্যবহারকারীরা অ্যাপটির প্রাথমিক সংস্করণ টেস্টফ্লাইটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন।
অ্যাপটির প্রযুক্তিগত কাঠামো ও উদ্দেশ্য তুলে ধরে একটি হোয়াইট পেপার গিটহাবে প্রকাশ করা হয়েছে। হোয়াইট পেপারে ব্যাখ্যা করা হয় বিটচ্যাট কীভাবে কাজ করে, এর কার্যপ্রণালী, প্রযুক্তি এবং নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক।
জ্যাক ডরসি এই অ্যাপটিকে তার ব্যক্তিগত গবেষণার অংশ হিসেবে উল্লেখ করেছেন, যেখানে তিনি ব্লুটুথ মেশ নেটওয়ার্ক, রিলে সিস্টেম, ‘স্টোর অ্যান্ড ফরোয়ার্ড’ মডেল এবং উন্নত এনক্রিপশন পদ্ধতির উপর কাজ করেছেন। অ্যাপটির মাধ্যমে কাছাকাছি থাকা ডিভাইসগুলোর মধ্যে এনক্রিপ্ট করা অস্থায়ী বার্তা আদান-প্রদান সম্ভব। কোনো বার্তা দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা হয় না।
ব্যবহারকারীরা যখন চলাচল করেন, তখন তাদের ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে স্থানীয় ব্লুটুথ ক্লাস্টার তৈরি করে এবং সেই ক্লাস্টারের মাধ্যমেই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বার্তা পাঠানো হয়। এভাবে বার্তাগুলো ইন্টারনেট ছাড়াই বহু দূরবর্তী ব্যবহারকারীর কাছেও পৌঁছাতে সক্ষম হয়।
অ্যাপটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো ‘ব্রিজ ডিভাইস’—যা বিভিন্ন ব্লুটুথ ক্লাস্টারকে সংযুক্ত করে নেটওয়ার্ককে আরও বিস্তৃত করে। ডিফল্টভাবে বার্তাগুলো কেবল ব্যবহারকারীর ডিভাইসেই সংরক্ষিত থাকে এবং কেন্দ্রীয় কোনো সার্ভারে জমা হয় না। ডরসির দীর্ঘদিনের গোপনীয়তা রক্ষা এবং সেন্সরশিপ বিরোধী অবস্থান এই অ্যাপের নকশায় প্রতিফলিত হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএএম