প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১১:৩৫ পিএম আপডেট: ০৪.০৭.২০২৫ ৯:৫৬ এএম

সংগৃহীত ছবি
রাজধানীর বনানীর একটি আবাসিক হোটেলে নারীদের ওপর হামলার অভিযোগে যুবদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঘটনাটি ঘটে গত বুধবার রাতে বনানী থানা এলাকার জাকারিয়া হোটেলে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, যুবদল বনানী থানার আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল যুবক হোটেলে প্রবেশ করে সেখানে অবস্থানরত দুই নারীকে মারধর করে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, শাড়ি পরা এক নারী হোটেলের সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামছেন। হঠাৎ বিপরীত দিক থেকে এক ব্যক্তি তার পথ রোধ করে তাকে আঘাত করেন। এতে ওই নারী মেঝেতে পড়ে যান। তার কিছুক্ষণ পর আরেক নারীকে ধাওয়া করে ফেলে দেওয়া হয় এবং পরে ৮-১০ জন একত্র হয়ে তাদের ওপর হামলা চালায়। ভিডিওতে নারীদের চিৎকার, হামলাকারীদের দৌড়াদৌড়ি ও হোটেল ভাঙচুরের দৃশ্যও ধরা পড়ে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, “ঘটনার পরপরই হোটেল কর্তৃপক্ষ মামলা করেছে। মামলায় মনির হোসেনসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।”
ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অনেকেই। ঘটনার পর রাজনৈতিক চাপ ও জনরোষের মুখে আজ বৃহস্পতিবার রাতে মনির হোসেনকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল বহন করবে না। দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।” বিজ্ঞপ্তিতে আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
এদিকে অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “মামলার পর থেকেই পুলিশ অভিযানে রয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে নিরবিচারে কাজ চলছে।”
বৃহস্পতিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে ভিডিও ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/এনআর