ভৈরবের পঞ্চবটি নতুন রাস্তা এলাকার একটি বাড়িতে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দুই যুবক ও তিন নারীসহ মোট পাঁচজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় মাদকবিরোধী সংগঠন ‘আমাদের চেষ্টা’ এবং এলাকাবাসী।
আরও পড়ুন
গতকাল শুক্রবার (২৭ জুন) রাত আনুমানিক ১১টার দিকে সৌদি প্রবাসী আরমান মিয়ার ভাড়া দেওয়া বাড়িতে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন, নতুন রাস্তার রায়হান মিয়ার স্ত্রী পারুল (২০), কলাবাগানের
শাহিন মিয়ার স্ত্রী রিমি বেগম (২২), একই এলাকার রতন মিয়ার স্ত্রী ও কথিত
দেহ ব্যবসার হোতা নেহার বেগম (৩৮), চন্ডিবেড় এলাকার পিন্টু মিয়ার ছেলে
সোহান মিয়া (২২) এবং তার এক অজ্ঞাতপরিচয় বন্ধু।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নেহার বেগম ওই বাড়িতে অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এলাকাবাসীর একাধিক অভিযোগ সত্ত্বেও বাড়ির কেয়ারটেকার আনোয়ার হোসেন কোনো ব্যবস্থা নেননি।
‘আমাদের চেষ্টা’ সংগঠনের সভাপতি ওমর মোহাম্মদ অপু জানান, ৫ আগস্টের পর থেকেই অভিযোগ পাচ্ছিলাম। নজরদারি চালিয়ে শুক্রবার রাতে এলাকাবাসীর সহযোগিতায় অভিযানে গিয়ে ৫ জনকে আটক করি। তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম ও কনডম উদ্ধার করা হয়।
ঘটনার পর শহর ফাঁড়ির এটিএসআই মজনু মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে পৌঁছে অভিযুক্তদের থানায় নিয়ে যান।
তিনি বলেন, ‘অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা করা হবে এবং আদালতে পাঠানো হবে।’