প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৩:১০ পিএম আপডেট: ২৫.০৬.২০২৫ ৫:৩২ PM

দুদক সচিব খোরশেদা ইয়াসমীনকে ওএসডি করল সরকার
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমীনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে সরকার। অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গমনের সুবিধার্থে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত ৭ জন কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
নতুন এ প্রজ্ঞাপন অনুযায়ী যারা বিদেশে প্রেষণে যাচ্ছেন, তারা হলেন:
মোহাম্মদ জহিরুল কাইউম – অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। তাকে সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশনে ইকোনমিক মিনিস্টার হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
এলিশ শরমিন – জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব। তাকে ব্রাজিলের বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর হিসেবে প্রেষণে পাঠানো হচ্ছে।
ফাতেমা জোহরা – অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব। তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে কমার্শিয়াল কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করবেন।
মো. আকরাম আলী – প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক। তাকে তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
মো. নাজমুল হক – বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক। তাকে দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাসে কমার্শিয়াল কাউন্সেলর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সাখাওয়াত হোসেন – বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব। তাকে কানাডার অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনে প্রথম সচিব (বাণিজ্যিক) পদে প্রেষণে পাঠানো হচ্ছে।
রিদওয়ানুর রহমান – সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব। তাকে চীনের কুনমিং-এ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে প্রথম সচিব (বাণিজ্যিক) হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম