প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১২:৪২ AM আপডেট: ২৫.০৬.২০২৫ ১২:১১ PM

চীনের গুইঝো প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। প্রবল বর্ষণের ফলে আকস্মিক এ বন্যায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। এরইমধ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা এবং নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। বুধবার (২৫ জুন) সংবাদমাধ্যম টাইমস আলজেবরা এ তথ্য জানিয়েছে।
স্থানীয় প্রশাসন জানায়, টানা ভারী বৃষ্টিপাতের ফলে দুলিউ নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আশপাশের এলাকা পানিতে তলিয়ে গেছে। পুরো রোংজিয়াং শহর এখন পানির নিচে। শহরের সড়ক, সেতু, এমনকি এসকেলেটরেও পানি উঠে গেছে।
আরও পড়ুন
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আগাম সতর্কতা জারি করা হলেও কর্তৃপক্ষ সময়মতো তা কার্যকর করেনি, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়। অনেক এলাকায় দেখা দিয়েছে যোগাযোগ বিচ্ছিন্নতার আশঙ্কা।
বন্যার তীব্রতা বাড়তে থাকায় সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। শুরু হয়েছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। দুর্গতদের জন্য খাদ্য, পানি এবং অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দিচ্ছেন উদ্ধারকর্মীরা।
আরও পড়ুন
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। প্রবল স্রোতের কারণে কিছু এলাকায় ত্রাণ পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
চীনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বন্যাকবলিত এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা পাঠাতে শুরু করেছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর