প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১:৩০ পিএম আপডেট: ২৪.০৬.২০২৫ ২:০৪ PM

পাবনায় ৫৩ হাজার জাল টাকাসহ গ্রেফতার- ৪
পাবনার আতাইকুলা থানার বৃহস্পতিপুর (মাজার বটতলা) এলাকা থেকে ৫৩ হাজার টাকার জাল নোটসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
সোমবার (২৩ জুন) দুপুরে র্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার (২২ জুন) বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, আতাইকুলা থানার বৃহস্পতিপুর (মাজার বটতলা) এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ জাল টাকা চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৩ হাজার টাকার জাল নোট এবং নগদ ৪ হাজার ৩৯৫ টাকা জব্দ করা হয়।
গ্রেফতার চারজন হলেন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর কান্দাপাড়া গ্রামের মৃত তারা প্রামাণিকের ছেলে শাহিদুল প্রামাণিক, জুগ্নীদহ গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে আতিক মোল্লা, কাংলাকান্দা গ্রামের সেলিম ফকিরের ছেলে সবুজ ফকির এবং দ্বারিয়াপুর গ্রামের রিকাত শেখের ছেলে সবুজ শেখ।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পাবনাসহ বিভিন্ন জেলায় হাট-বাজারে জাল টাকা ব্যবহার করে ফলমূল, সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে সাধারণ বিক্রেতাদের প্রতারিত করে আসছিল।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনার আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম