প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১:০৪ পিএম আপডেট: ২৪.০৬.২০২৫ ৫:১৭ PM

বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’, যা ‘গুগল ওয়ালেট’ নামেও পরিচিত। এই সেবার মাধ্যমে দেশে একটি নতুন ডিজিটাল লেনদেনের যুগের সূচনা হলো।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।
সিটি ব্যাংক গুগলের সঙ্গে অংশীদার হয়ে এই সেবা চালু করেছে। সহযোগী হিসেবে রয়েছে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড ও ভিসা। প্রাথমিকভাবে সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল পে ব্যবহার করতে পারবেন।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, “এই অংশীদারত্ব বাংলাদেশের ভবিষ্যৎমুখী ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গঠনের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। আমরা গর্বিত যে গুগল পের মতো উদ্ভাবনী সেবা দেশের গ্রাহকদের জন্য আনতে পেরেছি।”
কীভাবে কাজ করবে গুগল পে?গ্রাহকরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড করে তাদের কার্ডের তথ্য যুক্ত করে নিতে পারবেন। একবার যুক্ত হলে, যে কোনো দোকান, শপিংমল বা রেস্টুরেন্টে ফোন ট্যাপ করেই পেমেন্ট করা যাবে। আর্থিক লেনদেনে থাকবে না কোনো অতিরিক্ত ফি।
এই প্রযুক্তিতে ‘টোকেনাইজেশন’ ব্যবহৃত হয়, যেখানে গ্রাহকের মূল কার্ডের তথ্যের পরিবর্তে একটি ইউনিক টোকেন ব্যবহৃত হয়। ফলে লেনদেনের সময় কার্ডের আসল তথ্য নিরাপদ থাকে এবং কোনো তৃতীয় পক্ষের সঙ্গে তা শেয়ার হয় না।
বিশ্বমানের এই পেমেন্ট সেবার মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, দ্রুত এবং নিরাপদ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নগরভিত্তিক ব্যবহার ছাড়িয়ে এই প্রযুক্তি ভবিষ্যতে দেশের বৃহৎ অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এমএম