প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১২:৫২ পিএম আপডেট: ২৪.০৬.২০২৫ ১২:৫৭ PM

তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বেশিরভাগ অঞ্চলে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর মধ্যে তিনটি বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল (২৫ জুন) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পরবর্তী তিন দিন (২৬ জুন থেকে ২৮ জুন) একই ধারা অব্যাহত থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে থাকবে বেশি বৃষ্টির প্রবণতা। অন্যান্য বিভাগেও অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত।
তাপমাত্রা সংক্রান্ত পূর্বাভাস অনুযায়ী, ২৬ জুন পর্যন্ত দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ২৭ ও ২৮ জুন তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, সামনের পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা থাকবে বলেই পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তাই স্থানীয় বাসিন্দাদের আবহাওয়া সতর্কতা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম