প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ১২:৪৫ পিএম আপডেট: ২২.০৬.২০২৫ ১২:৪৯ PM

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলাকে ‘নির্লজ্জ আগ্রাসন’ হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি।
এর আগে, ইরান নিশ্চিত করেছে, নাতাঞ্জ ও ইস্পাহানসহ তাদের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা হয়েছে। তবে হামলার আগেই এসব স্থাপনা থেকে পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে দাবি করেছে ইরান। ফলে তেজস্ক্রিয় কোনো পদার্থ ক্ষতিগ্রস্ত হয়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান ব্যবহার করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভির উপ-রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনি বলেন, ‘আমরা আগেই তিনটি পারমাণবিক কেন্দ্র খালি করে দিয়েছিলাম। তাই বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির মুখে পড়িনি।’
ইস্পাহান ও নাতাঞ্জে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন ইস্পাহানের নিরাপত্তাবিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি। ফোরদোর কিছু অংশও বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরানের তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পর জানান, ‘এটি এখন পর্যন্ত সবচেয়ে কঠিন ও মারাত্মক হামলা। যদি শান্তি দ্রুত না আসে, তাহলে আরও লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই হামলা মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে শান্তি ও সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচন করতে পারে।’
সূত্র: বিবিসি
স্বদেশ প্রতিদিন/এমএম