প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৮:৪১ AM

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলার পর এবার আরও কঠোর বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় রোববার (২২ জুন) সকাল ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘হয় শান্তি স্থাপন হবে, না হয় ইরানের জন্য এক মর্মান্তিক পরিণতি ঘটবে। গত আট দিনে যা ঘটেছে, তার চেয়েও ভয়াবহ হবে।’
ট্রাম্প বলেন, ‘এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি রয়েছে। আজ রাতের হামলার লক্ষ্য ছিল সবচেয়ে কঠিন এবং সবচেয়ে বৈধ। যদি দ্রুত শান্তি না আসে, তাহলে আমরা আরও লক্ষ্যবস্তুতে হামলা করব নিখুঁতভাবে, দ্রুত এবং দক্ষতার সঙ্গে।’
এই ভাষণে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি নেতানিয়াহুকে অভিনন্দন জানাই। আমরা এমন একটি দল হিসেবে কাজ করেছি, যা সম্ভবত ইতিহাসে আগে কেউ করেনি। আমরা ইসরায়েলের জন্য এক বড় হুমকি দূর করতে অনেকটাই এগিয়েছি।’
ট্রাম্প হামলার উদ্দেশ্য সম্পর্কে বলেন, ‘এই হামলা ইরানের পারমাণবিক কার্যক্রম থামাতে এবং তাদের সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে এক চমৎকার সামরিক সাফল্য। ইরান একটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে জড়িত দেশ, যারা পারমাণবিক হুমকি তৈরি করছিল।’
এর আগে সকাল ৬ টায় ইরানের ফোরডো, নাতানজ এবং ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলা হয় বলে জানা যায়। এই হামলার পেছনে যুক্তরাষ্ট্র রয়েছে বলে ইঙ্গিত দিলেও এখনো আনুষ্ঠানিকভাবে তেহরান তা নিশ্চিত করেনি।
সূত্র: আল জাজিরা
স্বদেশ প্রতিদিন/এমএম