প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫, ৮:২৮ AM

ইরানের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলার খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। ফোরডো, নাতানজ এবং ইসফাহান- এই তিনটি স্থানে রবিবার ভোরে বিস্ফোরণের ঘটনা ঘটে।
রোববার (২২ জুন) দেশটির বার্তা সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
কোম প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র মোর্তেজা হায়দারি জানিয়েছেন, ফোরডো পারমাণবিক কেন্দ্রে আঘাত হেনেছে একটি বিমান হামলা। এ সময় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর উপস্থিতি শনাক্ত করে এবং প্রতিক্রিয়া জানায়।
এছাড়া ইসফাহান ও নাতানজ অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন ইসফাহানের নিরাপত্তা উপ-গভর্নর আকবর সালেহি। তিনি বলেন, এই দুই কেন্দ্রের কাছাকাছি এলাকায় হামলার আলামত পাওয়া গেছে।
তবে কে এই হামলা চালিয়েছে- সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি তেহরান। যদিও কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের দিকেই।
এই ঘটনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ময়কর দাবি করেছেন। রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তিনি লেখেন, ‘আমরা ইরানের ফোরডো, নাতানজ এবং ইসফাহানে অত্যন্ত সফলভাবে বিমান হামলা চালিয়েছি। সব যুদ্ধবিমান এখন নিরাপদে আকাশসীমার বাইরে ফিরে এসেছে।’
তিনি আরও বলেন, ‘বিশ্বের আর কোনও সেনাবাহিনী এমনটা করতে পারত না। আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন। এখনই শান্তির সময়!’
তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, ট্রাম্পের দাবিতে সত্যতা নাও থাকতে পারে। তারা বলছে, ‘পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিতভাবে বলা যাবে হামলার পেছনে কে রয়েছে।’
গত বৃহস্পতিবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না- সিদ্ধান্ত আসবে দুই সপ্তাহের মধ্যে। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার আগেই ইরানে এই বিমান হামলার দাবি করলেন তিনি।
সূত্র: বিবিসি
স্বদেশ প্রতিদিন/এমএম