
এখন থেকে আর ছবি খুঁজতে গুগল সার্চের প্রয়োজন নেই- আপনার হোয়াটসঅ্যাপেই মিলবে সমাধান! শুনতে অবাক লাগলেও এটি সম্ভব করেছে মেটা এআই। হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে যোগ হয়েছে এআই ইমেজ জেনারেশন ফিচার, যা মাত্র কয়েক সেকেন্ডেই তৈরি করে দিতে পারে আপনার মন মতো ছবি।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারএআই চ্যাটবটের নাম শুনেছেন অনেক আগেই। সেই চ্যাটবট হোয়াটসঅ্যাপেও এসেছে দীর্ঘদিন আগে। যেকোনো প্রশ্নের উত্তর কয়েক সেকেন্ডে দিয়ে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত এই চ্যাটবট। এমনকি আপনার সঙ্গে গল্পও করতে পারে এই প্রযুক্তি। যত দিন যাচ্ছে, ততই চ্যাটবটকে আরো উন্নত করে তুলছে মেটা।
কেবল গল্প করা বা প্রশ্নের উত্তর দেওয়াই নয়, যেকোনো সাহায্য পেতেই হাত বাড়িয়ে দিতে পারেন চ্যাটবটের দিকে। কোনো জায়গার ছবি খুঁজতে বা ছবি তৈরি করতেও সাহায্য করে পারে মেটা এআইয়ের চ্যাটবট। এবার সেই ‘এআই ইমেজ জেনারেশন’ ফিচার চলে এসেছে হোয়াটসঅ্যাপে।
ধরুন, আপনি মনে মনে কোনো প্রাকৃতিক দৃশ্য ভাবছেন। সেই দৃশ্যে কী কী থাকবে তা ভেবে লিখে ফেলুন চ্যাটে। কয়েক সেকেন্ডের মধ্যে ঠিক আপনার ভাবনার সঙ্গে মিলিয়েই একটি ছবি বানিয়ে হাজির করবে চ্যাটবট।
যদি পছন্দ না হয়, তাহলে বিষয়বস্তু আরো স্পষ্ট ভাবে লিখে তাকে জানান। কোনোরকম বিরক্তি প্রকাশ না করেই, যত বার বলবেন এবং যেভাবে বলবেন, সেভাবেই ছবি বানিয়ে দেবে চ্যাটবট।
কিভাবে ছবি তৈরি হবেমেটা এআই থেকে ছবি পেতে হলে কয়েকটি কাজ করতে হবে। মেটা আইয়ের চ্যাটবক্স খুলে সেখানে ‘ইমাজিন’ লিখে তার পরে ছবির বিষয়বস্তু লিখুন। ছবি ঠিক কেমন ভাবে তৈরি হবে, তা ধাপে ধাপে লিখে পাঠিয়ে দিন। ইংরেজি, ফরাসি, হিন্দি, ইন্দোনেশীয়, পর্তুগিজ, স্প্যানিশ, তাই-সহ আরো অনেক ভাষাতেই লিখে পাঠাতে পারেন মেটা এআইকে। ছবির বিষয় লিখে ‘সেন্ড’ ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যেই ছবি তৈরি হয়ে চলে আসবে আপনার চ্যাটবক্সে।
এআই চ্যাটবটে আসা ছবিটিকে যদি অন্যভাবে বানাতে চান, তাহলে ছবিতে ক্লিক করে মেনু অপশনে যান। সেখানে ‘রিপ্লাই’ অপশনে গিয়ে ছবিটি আপডেট করার জন্য অনুরোধ করুন।
নতুন ছবি কেমন হবে তা লিখে পাঠিয়ে দিলে, সেই ছবিটিকে আবার আপনার পছন্দমতো বদলে নতুন করে পাঠাবে মেটা। সমস্ত অ্যান্ড্রয়েড ফোনেই চলে এসেছে এই ফিচার। হোয়াটসঅ্যাপ আপডেট করে নিলেই ব্যবহার করতে পারবেন।
সূত্র : আনন্দবাজার
স্বদেশ প্রতিদিন/এমএম