প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ১০:২২ AM

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলা আরও তীব্র হয়েছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক।
বৃহস্পতিবার (১৯ জুন) এসব হামলায় নারী ও শিশুরাও নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার মধ্যাঞ্চলে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে মানবিক সহায়তার জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের লক্ষ্য করে চালানো হয় এই হামলা। ড্রোন, ট্যাংক ও ভারী মেশিনগান ব্যবহার করে মুহূর্তেই রক্তাক্ত করে ফেলা হয় সেই এলাকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, যারা ত্রাণের জন্য লাইনে দাঁড়িয়েছিল, তাদেরকেই টার্গেট করে চালানো হয় নির্বিচার গোলাবর্ষণ। ঘটনাস্থল ছিল একটি মার্কিন ও ইসরাইলি সমর্থিত সংস্থার ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে।
স্থানীয় চিকিৎসক ও উদ্ধারকর্মীরা বলছেন, ‘সেখানে প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ত্রাণের জন্য ভিড় করেছিলেন সাধারণ মানুষ। ইসরাইলি সেনারা তাদের ‘সন্দেহভাজন’ আখ্যা দিয়ে গুলি ছোড়ে। এমন ঘটনা এখন গাজায় প্রায় নিয়মিত।’
গাজা সিটির আল-শিফা হাসপাতালে প্রিয়জনের লাশ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। ইসরাইলি বিমান হামলায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের অনেকেই ছিলেন বাস্তুচ্যুত নারী ও শিশু। হাসপাতালে বিলাপ করতে থাকনে স্বজনহারা মানুষ। হতাহতের সংখ্যা বাড়তে থাকায় সংকটে পড়েছে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাও।
শুধু গাজা নয়, দমন-পীড়ন চলছে দখলকৃত পশ্চিম তীরেও। ইসরাইলি বাহিনী সেখানে কঠোর লকডাউন জারি করেছে। বাড়ি বাড়ি তল্লাশি, রাতভর অভিযান এবং গণগ্রেফতারের কারণে পশ্চিম তীরের জনজীবনও স্তব্ধ হয়ে পড়েছে।
মানবাধিকার সংস্থাগুলোর মতে, আন্তর্জাতিক নজর অন্যদিকে সরে যাওয়ার সুযোগে ইসরাইল ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের মাত্রা বৃদ্ধি করেছে। বিশেষ করে, সাম্প্রতিক সময়ে ইরান কেন্দ্রিক আন্তর্জাতিক আলোচনার আড়ালে গাজায় দমন-পীড়ন হয়েছে আরও নৃশংস।
সূত্র: আল-জাজিরা
স্বদেশ প্রতিদিন/এমএম