প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ১০:০৫ AM

ক্লাব বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইউরোপের শক্তিশালী ক্লাব পোর্তোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপীয় কোনো ক্লাবের বিরুদ্ধে জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচে জয়সূচক গোলটি করেন লিওনেল মেসি, একটি দৃষ্টিনন্দন ফ্রি-কিকে।
প্রথমার্ধে পোর্তোর স্যামু আগেহোয়ার এক পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে মায়ামি। কিছুক্ষণ পর গোলের দারুণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি লুইস সুয়ারেজ। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৭ মিনিটে সেগোভিয়া গোল করে সমতা ফেরান। এরপর ৫৪তম মিনিটে মেসি ডি-বক্সের বাইরে ফাউলের শিকার হন। সেখান থেকেই পাওয়া ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করেন তিনি।
এই একটি গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি।
এই গোলের মধ্য দিয়ে মেসির ফ্রি-কিক গোলের সংখ্যা দাঁড়ালো ৬৮-তে। ফ্রি-কিকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি এখন তৃতীয়। তার উপরে আছেন জুনিনিও (৭৭) ও পেলে (৭০)।
এছাড়া ফিফা আয়োজিত প্রতিযোগিতাগুলোতে এটিই মেসির ২৫তম গোল- যা তাকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে তুলে এনেছে।
এই জয়ের ফলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ 'এ'-এর দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। তাদের পরবর্তী ও শেষ ম্যাচ পালমেইরেসের বিপক্ষে। সেই ম্যাচে একটি ড্র করলেই দলটি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারবে।
স্বদেশ প্রতিদিন/এমএম