প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পিএম

নওগাঁর পোরশা উপজেলায় বিএনপির একটি ওয়ার্ড দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সহড়ন্দ ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
সহড়ন্দ ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরনবী জানান, শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে তিনি কার্যালয়ে আগুন লাগার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যাওয়ার বিষয়টি দেখতে পান।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পোরশা উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হাসান শাহ। তিনি অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা যাতে শুক্রবার কোনো কর্মসূচি পালন করতে না পারেন, সেই উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
তবে কার্যালয়ে আগুন লাগার প্রকৃত কারণ এবং এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
স্বদেশ প্রতিদিন/এস পি