
আন্তর্জাতিক অঙ্গনে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখতে যাচ্ছে কক্সবাজারের চকরিয়ার কৃতী শিক্ষার্থী ইয়াসরিবা আবেদীন আফিয়া। ইংরেজি ভাষায় দক্ষতা, অধ্যবসায় ও প্রতিভার স্বীকৃতিস্বরূপ ইংলিশ অলিম্পিয়াডের ‘গ্লোবাল গ্র্যান্ড ফাইনাল ২০২৬’-এ অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে সে। আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় ‘জুনিয়রস গ্রুপে’ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে আফিয়া।
ইয়াসরিবা আবেদীন আফিয়া বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ইংরেজি ভাষার প্রতি ছোটবেলা থেকেই তার বিশেষ আগ্রহ রয়েছে। এ আগ্রহকে দক্ষতায় রূপ দিতে সে কক্সবাজারের স্বনামধন্য ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান ‘Speakup’-এ প্রশিক্ষণ গ্রহণ করে। সেখানে নিয়মিত ইংরেজি চর্চা, অধ্যবসায় ও প্রস্তুতির মধ্য দিয়ে ইংলিশ অলিম্পিয়াডের আন্তর্জাতিক পর্যায়ের চূড়ান্ত আসরে অংশগ্রহণের সুযোগ অর্জন করে সে।
ইংলিশ অলিম্পিয়াডের সিজন-৫-এর গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণের জন্য নির্বাচিত হওয়া আফিয়ার এ অর্জন তার শিক্ষাজীবনের একটি উল্লেখযোগ্য মাইলফলক। আন্তর্জাতিক পর্যায়ের এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে নিজের মেধা, ভাষাগত দক্ষতা ও যোগ্যতা তুলে ধরার সুযোগ পাবে সে।
আফিয়ার বাবা মোহাম্মদ মোসলেহ উদ্দীন এবং মা রোজিনা আক্তার। তাদের নিজ বাড়ি চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকায়। বর্তমানে পরিবারটি কক্সবাজারের বার্মিজ মার্কেট এলাকায় বসবাস করছে।
মেয়ের এমন সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করে বাবা মোহাম্মদ মোসলেহ উদ্দীন বলেন, “আমার মেয়ের এই অর্জনে আমরা পরিবারের সবাই অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ছোটবেলা থেকেই তার ইংরেজি শেখার প্রতি আগ্রহ ছিল। আজ আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় আমাদের স্বপ্ন আরও বড় হয়েছে। মেয়ের এই সাফল্যের পেছনে ইংরেজি শেখা ও প্রস্তুতির ক্ষেত্রে Speakup-এর অবদান রয়েছে। এ জন্য Speakup-এর CEO রাসেল স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি যেভাবে শিক্ষার্থীদের এগিয়ে যেতে উৎসাহ ও সহযোগিতা করছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, যেন সে মালয়েশিয়ায় ভালো ফলাফল করে দেশের সম্মান বয়ে আনতে পারে।”
তিনি আরও জানান, মেয়ের এ অর্জন তাদের পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশাকে নতুন মাত্রা দিয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে আফিয়া আরও অভিজ্ঞতা অর্জন করবে এবং ভবিষ্যতে নিজেকে আরও যোগ্য করে গড়ে তুলতে পারবে বলে তারা আশাবাদী।
এদিকে, চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার বাসিন্দাদের মধ্যেও আফিয়ার এ অর্জন নিয়ে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। এলাকাবাসীর মতে, চকরিয়ার একটি মেয়ে আন্তর্জাতিক পর্যায়ের ইংলিশ অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় পুরো এলাকার সুনাম বৃদ্ধি পেয়েছে। তার এ সাফল্য এলাকার অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনা, ইংরেজি ভাষা চর্চা এবং নিজেদের প্রতিভা বিকাশে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল গ্র্যান্ড ফাইনাল ২০২৬ আগামী ২৭-২৯ ডিসেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ প্রতিযোগিতায় অংশ নিতে নির্বাচিত হয়ে ইয়াসরিবা আবেদীন আফিয়া ইতোমধ্যে চকরিয়া ও কক্সবাজারের শিক্ষাঙ্গনে আনন্দের উপলক্ষ তৈরি করেছে।
পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর প্রত্যাশা, আন্তর্জাতিক মঞ্চে নিজের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে চকরিয়ার এই কৃতী শিক্ষার্থী।
স্বদেশ প্রতিদিন/এস পি