প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১২:৫২ পিএম

দেশের তৈরি পোশাকশিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণকে কেন্দ্র করে বারবার শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ ও সহিংসতার ঘটনা ঘটছে। অথচ সময়মতো উদ্যোগ নিলে চলমান সংকট এড়ানো সম্ভব ছিল বলে মনে করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। তাঁর মতে, পরিকল্পনা, আগাম প্রস্তুতি, আলোচনা ও শ্রমিকদের জীবনযাপনের বাস্তবতা বোঝার অভাবেই সাম্প্রতিক অস্থিরতা তৈরি হয়েছে।
দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে মাহফুজ আনাম লিখেছেন, শ্রম আইন অনুযায়ী প্রতি তিন বছর পর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের কথা। সর্বশেষ মজুরি কার্যকর হয়েছিল ২০২৩ সালের ১ ডিসেম্বর। সে হিসাবে ২০২৬ সালের ১ ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি নির্ধারণের বিষয়টি আগে থেকেই জানা ছিল। এরপরও মেয়াদ শেষ হওয়ার মাত্র ৩০ দিন আগে, ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করায় প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, আগেভাগে বোর্ড গঠন ও আলোচনা শুরু করা হলে শ্রমিকদের রাজপথে নামার পরিস্থিতি এড়ানো যেত।
নিবন্ধে তিনি আরও বলেন, প্রায় পাঁচ দশকে দেশের পোশাকশিল্প বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করলেও শ্রমিকদের সঙ্গে আস্থা ও গ্রহণযোগ্য মজুরি নির্ধারণের ব্যবস্থা গড়ে তোলা যায়নি। কম্বোডিয়ার বৈজ্ঞানিক মজুরি নির্ধারণ পদ্ধতি থেকে শিক্ষা নেওয়া এবং শ্রমিক, মালিক ও সরকারকে নিয়ে স্থায়ী সংলাপ আয়োজনের পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, চলমান অস্থিরতা দেশের বিনিয়োগ পরিবেশ, শিল্পের ভাবমূর্তি ও আন্তর্জাতিক নির্ভরযোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
স্বদেশ প্রতিদিন/এস পি