
যুক্তরাষ্ট্রে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক-এর বিক্রি বা নিষেধাজ্ঞার সময়সীমা আরও ৯০ দিন বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৯ জুন) এক নির্বাহী আদেশে তিনি এই সময়সীমা বাড়ানোর ঘোষণা দেন।
হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্রে যে আইনের আওতায় টিকটক বিক্রি বা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল তা নিয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। ফলে চীনের কোম্পানি বাইটড্যান্সকে টিকটকের যুক্তরাষ্ট্রভিত্তিক সম্পদ বিক্রির জন্য বেঁধে দেওয়া ১৯ জুনের সময়সীমা আরো ৯০ দিন বাড়িয়েছেন প্রেসিডেন্ট।
এর আগে, মার্কিন কংগ্রেসের নির্দেশিত নিষেধাজ্ঞার কার্যকারিতা থেকে টিকটককে দুইবার সাময়িকভাবে ছাড় দিয়েছিলেন ট্রাম্প, যা জানুয়ারিতে কার্যকর হওয়ার কথা ছিল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
গত বছর যুক্তরাষ্ট্র একটি আইন পাস করার পর ভিডিও শেয়ারিং অ্যাপটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছে। সেখানে বলা হয়েছিল, অ্যাপটি তার চীনা মূল কোম্পানি বাইটড্যান্স দ্বারা বিক্রি না করা পর্যন্ত নিষিদ্ধ করা হবে।
আইন প্রণেতারা বলেছেন, ‘এটি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছে। তবে এ দাবি অস্বীকার করেছে টিকটক।’
এক বিবৃতিতে টিকটক বলেছে, তারা ১৭ কোটি মার্কিন ব্যবহারকারীর জন্য অ্যাপটি অনলাইনে রাখার ক্ষেত্রে ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্ব এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ’।
বিবৃতিতে আরো বলা হয়, আমরা ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের অফিসের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি।
ট্রাম্প তার প্ল্যাটফরম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেছেন, বাইটড্যান্স দ্বারা যুক্তরাষ্ট্রে টিকটক বিক্রির জন্য একটি চুক্তি এখন ১৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
ধারণা করা হচ্ছে, বেইজিংয়ের কর্তৃপক্ষকে এর মূল কোম্পানির দ্বারা অ্যাপটির যেকোনো বিক্রয় বা আংশিক বিক্রয়ের অনুমোদন দিতে হবে।
যুক্তরাষ্ট্রের আশঙ্কা ছিল, টিকটক বা বাইটড্যান্সকে চীনা সরকার যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের তথ্য হস্তান্তর করতে বাধ্য করতে পারে।
এর আগেও ট্রাম্প প্রশাসন টিকটককে দুই দফা সময় বাড়িয়ে সাময়িক ছাড় দিয়েছিল। এবার আবার সময় বাড়ানো হলো- যা অ্যাপটির জন্য বেঁচে থাকার আরও একটি সুযোগ।
সূত্র : বিবিসি
স্বদেশ প্রতিদিন/এমএম