প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১১:০৪ AM

ইসরায়েলের টানা হামলার মুখে ইরানের রাজধানী তেহরান ছেড়ে পালাচ্ছেন অনেক বাসিন্দা। আতঙ্কে শহর ছাড়ার আগে পেট্রল সংগ্রহে পেট্রল পাম্পগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
রবিবার (১৫ জুন) স্থানীয় বাসিন্দারা জানান, মানুষজন ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। পেট্রল পাম্পে অনেক ভিড়। সবাই নিরাপদ স্থানে যেতে চাচ্ছে। তবে অনেক জায়গায় জ্বালানির ঘাটতির কারণে সব গাড়িচালকই পেট্রল পাচ্ছেন না।
এছাড়া অনেকে বলছেন, ‘রাজধানীতে আশ্রয় নেওয়ার মতো নিরাপদ জায়গা নেই। যদি বড় ধরনের হামলা হয়, কোথায় যাব?’
বহু মানুষ রাজধানী তেহরান ছেড়ে উত্তরাঞ্চলের গ্রামীণ এলাকায় যাচ্ছেন, যেখানে তুলনামূলকভাবে নিরাপদ মনে করছেন। তবে মহাসড়কগুলোতে ভীষণ যানজট তৈরি হওয়ায় যাত্রা ধীরগতির হচ্ছে।
ইসরায়েল গতকাল অস্ত্র কারখানার আশপাশে বসবাসকারী ইরানিদের সতর্ক করে নিরাপদ স্থানে সরে যেতে বলেছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলি সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনার আশপাশে থাকা সাধারণ মানুষকে স্থানত্যাগের অনুরোধ জানিয়েছে।
রয়টার্সের প্রকাশিত ছবি ও প্রতিবেদন বলছে, বহু মানুষ আহত ও আতঙ্কগ্রস্ত হয়ে এলাকা ছাড়ছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে, যাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। আহত হয়েছেন ১,২৭০ জনেরও বেশি। নিহতদের মধ্যে ইরানের কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা এবং বিজ্ঞানীও রয়েছেন।
সূত্র: রয়টার্স
স্বদেশ প্রতিদিন/এমএম