প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৬:০২ পিএম আপডেট: ১৫.০৬.২০২৫ ৬:১১ PM

সংগৃহীত ছবি
দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র। পর্যটন ভিসা নিয়ে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যেসব বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন তাদের ভিসা নবায়ন নিয়েই এই দুঃসংবাদ দেওয়া হয়েছে।
গতকাল শনিবার (১৪ জুন) ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এ বার্তা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় পর্যটন ভিসা আবেদনকারী যদি মূলত সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণের পরিকল্পনা করেন, তবে সেই আবেদন সরাসরি বাতিল করা হবে।
বার্তায় বলা হয়, অনেক ভিনদেশি বাবা-মা পর্যটন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন শুধু সন্তান জন্ম দেয়ার উদ্দেশ্যে। তারা তাদের চিকিৎসা খরচের জন্য সরকারি সহায়তা ব্যবহার করেন। এতে আরো বলা হয়, এই ব্যয় যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর বর্তায়। এ অবস্থায় ভবিষ্যতে এই অভিভাবকরা হয়তো তাদের ভিসা নবায়নের যোগ্যতা হারাতে পারেন।
প্রসঙ্গত, মার্কিন সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায়। অনেক সময় এই নিয়মকে অপব্যবহার করে থাকেন বিদেশি নাগরিকরা, যারা পরবর্তীতে সন্তানকে ‘অ্যাঙ্কর বেবি’ হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে চান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তাদের ভিসা যাচাই প্রক্রিয়া আরও কঠোর করেছে এবং অভিভাবকদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ হলে ভিসা প্রত্যাখ্যান করছে দেশটি।