প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৬:২০ পিএম

সংগৃহীত ছবি
ঈদের দীর্ঘ ছুটি শেষ হলো আজ। ঈদ পরবর্তী আজ প্রথম অফিস চলছে। যে কারণে রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়েছে। কোথাও কোথাও যানজটের সৃষ্টি হতে দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিশেষ সড়কগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ এবং উল্টোপথে চললেই দেওয়া হচ্ছে মামলা।
আজ রবিবার (১৫ জুন) ঢাকার প্রধান কয়েকটি সড়কে ট্রাফিক পুলিশদের এমন কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়।
এদিন রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক তিনশো ফিট, কুড়িল বিশ্বরোড মোড়ে উল্টোপথে যাতায়াত করতে দেখা যায় বেশ কয়েকটি মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাকে। এমনকি প্রাইভেটকারও চলতে দেখা যায় উল্টোপথে। সেই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটনা এড়াতে আজ সকাল থেকে বাড়তি অভিযান পরিচালনা করছে ট্রাফিক পুলিশ।
কুড়িল বিশ্বরোড এলাকায় দায়িত্বরত ট্র্যাফিক ইন্সপেক্টর (টিআই) কাজী আজম মাহমুদ বলেন, “সকাল থেকে আমরা দুটি স্পটে মোট ২৪টি গাড়িকে মামলা করেছি। তার মধ্যে ১৩টি মামলা মোটরসাইকেলের, বাকিটা অন্যান্য গাড়িকে। উল্টোপথে এলেই আমরা বিশেষ অভিযানের মাধ্যমে ৯২/১ ধারায় জরিমানা করছি।”
তিনি বলেন, “প্রথমবার মোটরসাইকেল উল্টোপথে এলে এক হাজার টাকা, দ্বিতীয়বার একই অপরাধ করলে দুই হাজার টাকা। প্রথমবার চার চাকার গাড়ি ও প্রাইভেটকার উল্টো পথে এলে জরিমানা আড়াই হাজার টাকা, দ্বিতীয়বার একই অপরাধ করলে ৫ হাজার টাকা জরিমানা করা হচ্ছে।”
উল্টোপথে মোটরসাইকেল চালিয়ে জরিমানার কবলে পড়েছেন মো. আবুল কাশেম (৪০)। তিনি বলেন, “আমি এখান থেকে ইউটার্ন নিয়ে একটু উল্টো রাস্তা দিয়ে সামনের দিকে যেতেই পুলিশ আমাকে আটক করে এবং আমাকে এক হাজার টাকার মামলা দিয়েছেন। অনেক রিকোয়েস্ট করেছি আমার কথা রাখেনি। একটু সামনে যাব সেজন্য এদিক থেকে যাওয়ার চেষ্টা করেছিলাম। আর একটু ব্যস্ততা থাকার কারণে উল্টোপথে আসতে হলো এবং জরিমানাও গুনতে হলো।”
ট্র্যাফিক ইন্সপেক্টর (টিআই) কাজী আজম মাহমুদ জানান, দুইজন টিআই, দুইজন সাব ইন্সপেক্টর ও তিন চারজন কনস্টেবল নিয়েই এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/আইএমএস