প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৫:৪০ পিএম আপডেট: ১৫.০৬.২০২৫ ৫:৪৩ PM

টানা ১০ দিন বন্ধ থাকার পর হিলি বন্দরের কার্যক্রম পুনরায় চালু হয়েছে।
হিলি স্থলবন্দর দিয়ে আবার শুরু হলো আমদানি-রপ্তানি। টানা ১০ দিন বন্ধ থাকার পর এই বন্দরের কার্যক্রম পুনরায় চালু হয়েছে।
আজ রবিবার (১৫ জুন) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে শুরু হয়েছে। আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি বন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন।
তিনি বলেন, “মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে ৫-১৪ জুন পর্যন্ত ১০ দিন বন্দরের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। টানা ঈদের ছুটি শেষে আজ রবিবার সকাল থেকে বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে। ফলে হিলি বন্দর এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসবে বলে আশা করছি।”
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের দ্বায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই মো. আবু তালেব জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।