
বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায়ের পথ উন্মুক্ত করে দেওয়া আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায়ের অনুলিপি প্রকাশ করা হয়।
এর আগে, ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া সেই রায় বাতিল করেন, যেখানে বিশ্ববিদ্যালয়গুলো থেকে আয়কর আদায়কে অবৈধ ঘোষণা করা হয়েছিল। ফলে এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে ১৫ শতাংশ হারে আয়কর আদায়ের পথ সুগম হলো।
আপিল বিভাগের রায়ে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর আরোপ শিক্ষার্থীদের ব্যয় বাড়াবে- এমন যুক্তি যথার্থ নয়। কারণ আয়কর কেবল তখনই প্রযোজ্য হয়, যখন কোনো প্রতিষ্ঠান আয় করে। ক্ষতির ক্ষেত্রে কর দিতে হয় না।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০০৭ ও ২০১০ সালে দুটি প্রজ্ঞাপন জারি করে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের নির্দেশ দেয়। এরপর দেশের একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ও এক শিক্ষার্থী এই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে ৪০টির বেশি রিট করেন।
২০১৬ সালের ৫ সেপ্টেম্বর হাইকোর্ট এনবিআরের দুটি প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করে রায় দেন। কিন্তু রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করে এবং ২০২১ সালে আপিলের অনুমতি পায়। অবশেষে ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ।
এই রিট মামলাগুলোর মধ্যে অংশ নেয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সি ও চট্টগ্রাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
রাষ্ট্রপক্ষে শুনানিতে নেতৃত্ব দেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। রিটকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ, রোকন উদ্দিন মাহমুদ, ফিদা এম কামাল ও ওমর সাদাত।
স্বদেশ প্রতিদিন/এমএম