প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৯:০২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—যুবদলের ভুলতা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক বাদলের ছোট ভাই মামুন এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একই ইউনিয়নের সদস্য সাব্বির হোসেন খোকা।
স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন খোকাকে দুপুরে তার বাড়ি থেকে তুলে নিয়ে যান যুবদল নেতা বাদল। এ খবর পেয়ে ছাত্রদল নেতা শান্ত সেখানে গিয়ে সাব্বিরকে ছাড়িয়ে নিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
গুলিতে মামুন আহত হন। অপরদিকে, সংঘর্ষে মারধরের শিকার হন সাব্বির হোসেন। পরে তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুলিবিদ্ধ মামুনকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/কেএইচ