প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ২:১৫ পিএম

সংগৃহীত ছবি
সৌদি আরব বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ওয়ার্ক ও ওমরাহ ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ৩১ মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যা বলবৎ থাকবে আগামী ৩০ জুন পর্যন্ত।
স্থগিতাদেশের আওতায় থাকা দেশগুলো হলো—বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কো।
এ সময়ের মধ্যে নতুন কোনো ওয়ার্ক ভিসা বা ওমরাহ ভিসা প্রদান করা হবে না। এমনকি ৩১ মে’র আগে যেসব ব্যক্তি ভিসা পেয়েছেন কিন্তু এখনো সৌদি আরবে প্রবেশ করেননি, তাদের ক্ষেত্রেও প্রবেশে জটিলতা দেখা দিতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ জুন শুরু হয়ে ৭ জুন শেষ হয়েছে হজযাত্রা। হজ শেষ হওয়ার পর জুন মাসের শেষ নাগাদ অধিকাংশ হাজী সৌদি আরব ত্যাগ করবেন। হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে এ সময়টায় ভিসা কার্যক্রম সীমিত রাখা হয়েছে।
সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, যেসব দেশের নাগরিকরা সাধারণত বেশি সংখ্যায় ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেন, এই ১৪টি দেশ তার মধ্যে রয়েছে। ফলে ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলেও বিষয়টি নিছক নিরাপত্তা ও ব্যবস্থাপনাগত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
ভিসা কার্যক্রম আবারও কবে থেকে চালু হবে তা ৩০ জুনের পর পরিস্থিতি পর্যালোচনা করে জানানো হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
স্বদেশ প্রতিদিন/এনআর