প্রকাশ: বুধবার, ৪ জুন, ২০২৫, ৭:১৫ পিএম

এআই শেখার জন্য ছাত্রদের এখন থেকেই প্রস্তুতি শুরুর আহ্বান জানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গুগল ডিপমাইন্ডের সিইও, এআই গবেষণার অগ্রপথিক ও নোবেলজয়ী বিজ্ঞানী ডেমিস হাসাবিস। এআইকে বোঝা এবং ভবিষ্যতে নেতৃত্ব দিতে এর উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।
তিনি বলেন, আমি ছাত্র হলে হইতো এখনো এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষাকেই প্রাধান্য দিতাম। যদিও বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত কর্মবাজার পরিবর্তন করে দিচ্ছে।
এসএক্সএসডব্লিউ লন্ডনে দেওয়া এক ভাষণে হাসাবিস বলেন, এই প্রযুক্তিগুলো কীভাবে তৈরি হয় তা বুঝতে মৌলিক বিষয়গুলো অর্থাৎ গণিত, পদার্থ ও কম্পিউটার বিজ্ঞান শেখা এখনো জরুরি।
হাসাবিস ভবিষ্যদ্বাণী করে বলেন, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে এআই এমন নতুন ও মূল্যবান চাকরির সুযোগ তৈরি করবে, যেগুলো প্রযুক্তি-সচেতন ব্যক্তিদের জন্য সুবিধাজনক হবে। এজন্য ছাত্রদের অবশ্যই নতুন এআই টুলগুলো রপ্ত করতে হবে। তা না হলে ভবিষ্যতে চাকরির বাজারে পিছিয়ে পড়বে তারা।
তিনি এআইকে শিল্পবিপ্লবের সাথে তুলনা করে বলেন, এসবের সাথে মানুষ খাপ খাওয়াতে সক্ষম হলেও অনেকে ভয় পাচ্ছেন চাকরি হারানোর।
শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করাও জরুরি বলে পরামর্শ দেন তিনি। তিনি বলেন, আমি ছাত্র হলে আধুনিক সব এআই সিস্টেম নিয়ে কাজ করতাম, পরীক্ষা-নিরীক্ষা করতাম—কীভাবে এগুলোর সবচেয়ে কার্যকরী ব্যবহার করা যায়।
বর্তমান প্রজন্ম যেভাবে ইন্টারনেটের সাথে বেড়ে উঠছে ভবিষ্যতে তারা ‘এআই-নেটিভ’ হবে বলে ধারণা পোষণ করেন ডেমিস হাসাবিস।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
স্বদেশ প্রতিদিন/আইজেপি