প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ১০:০৩ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার চোখে গুলি করে হত্যাচেষ্টা মামলায় বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মুক্তিযোদ্ধা আনোয়ারা বেগম চার দিনের কারাবাসের পর জামিন পেয়েছেন।
সোমবার (২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
আনোয়ারা বেগমের পক্ষে আদালতে শুনানি করেন ১১ জন আইনজীবী, যাদের সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
এর আগে গত ২৯ মে ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর একদিন আগে, ২৮ মে সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২৩ সালের ১৯ জুলাই ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিপরীত পাশে স্টার হোটেলের সামনে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে সুজন মোল্লা চোখে গুলিবিদ্ধ হন এবং দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নেন।
পরে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ভুক্তভোগী সুজন মোল্লা সূত্রাপুর থানায় মামলা করেন। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক-কর্মকর্তা এবং ছাত্রলীগের ৯৪ সদস্যসহ মোট ১৯৩ জনকে আসামি করা হয়। আনোয়ারা বেগম মামলার ৪৩ নম্বর এজাহারনামীয় আসামি।
স্বদেশ প্রতিদিন/কেএইচ