প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ১০:১২ পিএম

প্রবাসী আয় ও রপ্তানি আয়ে স্থিতিশীলতা থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২৭.৪ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, "বিনিময় হার স্থিতিশীল রাখতে রিজার্ভ বৃদ্ধির এ প্রবণতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মূল্যস্ফীতির নিম্নমুখী ধারা অব্যাহত রাখতে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা জরুরি, আর তা নিশ্চিত করতে রিজার্ভকে স্থিতিশীল রাখা অপরিহার্য।"
তিনি আরও জানান, "বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে শুরু থেকেই বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি। বর্তমানে দেশের আমদানি নির্ভর মূল্যস্ফীতির প্রভাব কিছুটা কমেছে। কারণ, টাকার বিনিময় হার স্থিতিশীল এবং যেসব দেশ থেকে বাংলাদেশ আমদানি করে সেসব দেশে মূল্যস্ফীতি তুলনামূলকভাবে কম। এই স্থিতিশীলতার ফলেই চলতি বছরের ১৪ মে থেকে বাজারভিত্তিক বিনিময় হার চালু করা সম্ভব হয়েছে।"
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারে এটিই প্রথম বাজেট বক্তৃতা।
স্বদেশ প্রতিদিন/কেএইচ