প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৯:৫৬ পিএম আপডেট: ০২.০৬.২০২৫ ১০:০৯ PM

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ইউপি সদস্যদের বসতঘর থেকে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় ইউপি সদস্য মো. হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১ জুন) রাত দেড়টায় উপজেলা প্রশাসন ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন।
মো. হুমায়ুন উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
সোমবার (২ জুন) সকালে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রানুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ১৬ বস্তা আতপ চাল নিজ বসতঘরে মজুদ করেন এই স্থানীয় ইউপি সদস্য। বিষয়টি ওই এলাকার লোকদের নজরে এলে তারা ইউএনওকে অবহিত করেন। তাৎক্ষণিক ইউএনও ঘটনাস্থলে পৌঁছে চাল মজুদের সত্যতা পান। পরে অভিযুক্তকে আটক করে মামলা রুজুর নির্দেশ দেন।
গ্রেফতার হওয়ার পূর্বে এ বিষয়ে হুমায়ুন কবির দাবি করেন, চালগুলো পরদিন গ্রামবাসীর মধ্যে বিতরণের উদ্দেশ্যে অস্থায়ীভাবে নিজ ঘরে রেখেছিলেন তিনি।
এই বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. সবুজ বলেন, চালগুলো জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা বলেন, ভিজিএফের চাল বাড়িতে মজুদ রাখার কোনো বিধান নেই। চাল বিতরণে অনিয়ম করায় অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/আইজেপি