প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৯:৩১ AM

কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এ টি এম আজহারুল ইসলাম। দীর্ঘ কারাভোগের পর বুধবার (২৮ মে) সকাল ৯টা ৫ মিনিটে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে মুক্তি পান। সেখানে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, আপিল বিভাগের দেওয়া খালাসের রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে কারা কর্তৃপক্ষ তার মুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।
সর্বোচ্চ আদালতের রায়ে উল্লেখ করা হয়, ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে যে রায় দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ টি এম আজহারুল ইসলামের আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন।
আদালত তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশও দেন। সেই অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজহারুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়। তদন্ত ও বিচার শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। পরে তিনি আপিল করেন এবং সর্বোচ্চ আদালতের রায়ে অবশেষে খালাস পান।
স্বদেশ প্রতিদিন/এনআর