প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৯:২৪ AM

মৌরিতানিয়ার ২১০ জন হজযাত্রীকে বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হওয়ার খবরটি ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে মৌরিতানিয়ান এয়ারলাইন্স। মঙ্গলবার (২৭ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এই গুজব ছড়িয়ে পড়লে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়।
তবে, এক বিবৃতিতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, হজ মৌসুমে নির্ধারিত সব ফ্লাইট নিরাপদে সৌদি আরবে পৌঁছেছে এবং কোনো ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটেনি। তারা জানিয়েছে, “আল্লাহর রহমতে আমাদের সব যাত্রী নিরাপদে ও সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছেছেন। গুজব ছড়ানো বন্ধ করা জরুরি।”
এর আগে বিভিন্ন সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছিল, হজযাত্রী বহনকারী একটি বিমান যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয়। এমনকি একটি ভিডিও ছড়ানো হয়, যেখানে বলা হয় বিমানের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা চিৎকার করতে থাকেন। সেই ভিডিওতেও “আল্লাহু আকবার” ধ্বনি শোনা যায়।
তবে এই ভিডিওকেও ভুয়া প্রমাণ করেছে সরকারি সূত্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যম MASDAR News জানিয়েছে, ভিডিওটি পুরনো এবং অন্য ঘটনার। এটি হজযাত্রী বহনকারী কোনো বিমানের সঙ্গে সংশ্লিষ্ট নয়।
মৌরিতানিয়ান এয়ারলাইন্স এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকতে গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি তারা ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে।
স্বদেশ প্রতিদিন/এনআর