প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৭:৩২ পিএম আপডেট: ২৮.০৫.২০২৫ ১২:৪৩ এএম

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এখন মুক্তির পালা।
তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন বুধবার (২৮ মে) সকালে মুক্তি পাবেন এটিএম আজহারুল ইসলাম।
তিনি বলেন, ইনশাআল্লাহ, আশা করি সকালে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন।
মঙ্গলবার আপিল বিভাগের রায় ঘোষণার পর এ তথ্য জানিয়েছেন তার আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
শিশির মনির বলেন, ইনশাআল্লাহ- আশা করি বুধবার সকালে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাবেন।
এর আগে মঙ্গলবার সকালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায়ের পর আইনজীবী শিশির মনির বলেন, আজকে সুপ্রিমকোর্টের রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এটিএম আজহারুল ইসলামকে সব অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছে। আজকে থেকে, এখন থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম একজন নির্দোষ ব্যক্তি। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। ইতোপূর্বে জামায়াতের এবং বিএনপির ছয়জন শীর্ষস্থানীয় নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ ছাড়া অন্ততপক্ষে পাঁচজন জেলে মৃত্যুবরণ করেছেন। দুনিয়ার ইতিহাসে এটা নজিরবিহীন নির্যাতনের সামিল।
স্বদেশ প্রতিদিন/কেএইচ