প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৭:৪৮ পিএম

গোপালগঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে "তীব্র তাপপ্রবাহ এবং গ্রীষ্মকালে গবাদি পশু-পাখির যত্ন ও খামার ব্যবস্থাপনা"- শীর্ষক দিনব্যাপী খামারি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৪ মে) সকাল ১০ টায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।
প্রতিবছর অসতর্কতায় তীব্র তাপপ্রবাহে হঠাৎ পশুপাখি মারা যাওয়ায় প্রান্তিক খামারিরা প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হন। তাই তাপপ্রবাহ এবং গ্রীষ্মকালে কিভাবে গবাদি পশু-পাখির যত্ন নিতে হবে ও খামার ব্যবস্থাপনার মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদেরকে তা হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও আসন্ন পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে যে সকল প্রান্তিক খামারি গরু-ছাগল মোটাতাজাকরণ করছেন এই তীব্র গরমে পশু-পাখির প্রতি বাড়তি যত্ন ও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়।
গোপালগঞ্জ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার -এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালায় জেলা ভেটেরিনারি অফিসার ডা. এ এস এম আব্দুর রাজ্জাক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন, উপজেলা ভেটেরিনারি অফিসার ডা. প্রিয়াংকা রাণী মোদক সহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ২৫ জন প্রান্তিক খামারি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/আইএমএস