প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০১ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন হাটবাজারে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বেচাকেনা চলছে। বাজারের নালা-নর্দমায় ব্যবহৃত পলিথিন জমে পানি নিষ্কাশনে বাধা তৈরি করায় সামান্য বৃষ্টিতেই কৃত্রিম জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে বাড়ছে পরিবেশ দূষণের ঝুঁকিও।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র সাহেবাবাদ বাজার, ব্রাহ্মণপাড়া সদর বাজার, মাধবপুর বাজার, চান্দলা বাজার, বড়ধুশিয়া বাজার ও সিদলাই বাজারসহ বিভিন্ন হাটবাজারে পলিথিনের ব্যবহার বেড়েছে। শাকসবজি, মাছ-মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাবেচায় ক্রেতা-বিক্রেতারা নিয়মিত এসব পলিথিন ব্যাগ ব্যবহার করছেন।
বাজারে ব্যবহারের পর ফেলে দেওয়া পলিথিন জমছে ড্রেন ও নালা-নর্দমায়। এতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে অল্প বৃষ্টিতেই সড়কে পানি জমার পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তি বাড়ছে।
পলিথিনের অতিরিক্ত ব্যবহারে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী নেতারাও। ব্রাহ্মণপাড়া সদর পশ্চিম বাজারের সাধারণ সম্পাদক কাজল সরকার বলেন, পলিথিনের মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে বাজারের পানি নিষ্কাশনের ড্রেনগুলো পলিথিনে ভরে গেছে। তাঁর মতে, সাধারণ মানুষের সচেতনতার পাশাপাশি প্রশাসনের কঠোর পদক্ষেপ ছাড়া এ সমস্যা বন্ধ করা সম্ভব নয়।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, বাজারে নিষিদ্ধ পলিথিনের বিক্রি ও ব্যবহার বন্ধে নিয়মিত তদারকি জোরদার করা হবে। পলিথিন ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি এবং বাজারে এটি ব্যবহারকারীদের বিরুদ্ধে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
স্থানীয় সচেতন মহল বলছে, শুধু অভিযান পরিচালনা নয়, বাজারগুলোতে পরিবেশবান্ধব পাট ও কাগজের ব্যাগের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করাও জরুরি। একই সঙ্গে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধে প্রশাসনের ঘোষিত পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ