
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশকে আধুনিক ও নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সব শ্রেণি-পেশার মানুষকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।
বুধবার বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার কার্যক্রমও এগিয়ে চলছে।
দুর্নীতির বিরুদ্ধে দায়িত্বশীল হওয়ার আহ্বান
শেখ ফরিদুল ইসলাম বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে নৈতিকভাবে সচেতন হতে হবে। দুর্নীতি থেকে দূরে থেকে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করলেই একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
পলিথিন-প্লাস্টিক বর্জনের তাগিদ
সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে পরিবেশ দূষণকারী পলিথিন ও প্লাস্টিক বর্জনের ওপর গুরুত্ব দেন পরিবেশ প্রতিমন্ত্রী।
তিনি বলেন, সচেতনতার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষায়ও সবাইকে ভূমিকা রাখতে হবে। অবৈধ ইটভাটা বন্ধ করার পাশাপাশি ইটভাটায় কৃষিজমির উর্বর মাটি ব্যবহার বন্ধেও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, পুলিশ সুপার মো. আল মামুন শিকদার, গণপূর্ত নড়াইলের নির্বাহী প্রকৌশলী মু. সরোয়ার হোসেইন, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মুস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ