প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৮:৫৫ AM

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) টানা বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনেই নিহত হয়েছেন অন্তত ৭৬ জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৫০ জনই ছিলেন গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা। আহত হয়েছেন আরও অন্তত ১৮৫ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।’
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। গত দেড় বছরে মোট নিহত হয়েছেন ৫৩ হাজার ৮২২ জন, আর আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৮২ জন। এসব হতাহতের ৫৬ শতাংশই নারী ও শিশু।
উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ।
চলতি বছরের ১৯ জানুয়ারি একবার যুদ্ধবিরতি ঘোষণা করলেও, তা মাত্র দুই মাসেই ভেঙে যায়। ১৮ মার্চ থেকে দ্বিতীয় দফায় নতুন করে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এ দফায় এখন পর্যন্ত ৩ হাজার ৬৭৩ জন নিহত এবং ১০ হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন।
জিম্মি করা ২৫১ জনের মধ্যে এখনো ৩৫ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ জানিয়েছে, তারা সামরিক অভিযান চালিয়ে জিম্মিদের মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বারবার গাজায় সামরিক অভিযান বন্ধের আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত অভিযান চালু থাকবে।
সূত্র : আনাদোলু এজেন্সি, আলজাজিরা
স্বদেশ প্রতিদিন/এমএম