প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:২২ পিএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স নির্মাণে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ ভবনের পরিবর্তে নতুন কমপ্লেক্স নির্মাণের উদ্যোগে খুশি ইউনিয়নবাসী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতা, মন্ত্রী ও সংসদ সদস্যরা গাংগাইল ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভবনেই ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এতে ঝড়-বৃষ্টির মধ্যে নাগরিক সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে।
এলাকাবাসীর দাবি, বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং নান্দাইলের সংসদ সদস্য ইয়াসের খাঁন চৌধুরী নির্বাচনের আগে গাংগাইল ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের (পর্যায়-৩) আওতায় গাংগাইল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ করা হবে। প্রকল্পটির জন্য প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে নির্মাণকাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকে ভবন নির্মাণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
নান্দাইল উপজেলা প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ থেকে গাংগাইল ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্স নির্মাণের জন্য প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
নতুন ভবন কমপ্লেক্স নির্মিত হলে ইউনিয়নবাসীর নাগরিক সেবার সুযোগ ও মান বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। একই সঙ্গে সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদ থেকে প্রশাসনিক বিভিন্ন সেবা আরও দ্রুত ও সহজে গ্রহণ করতে পারবেন।
স্বদেশ প্রতিদিন/এস পি