প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ৮:৩৪ AM

আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা ধরা ধরে অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে ঘরমুখো মানুষের ভ্রমণ সহজ করতে রেল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় অগ্রিম টিকিট বিক্রির আয়োজন করেছে। যাত্রীদের সুবিধার্থে এবারের সব টিকিট বিক্রি করা হবে অনলাইনে—শতভাগ আসনই পাওয়া যাবে অনলাইন প্ল্যাটফর্মে।
আজ শনিবার (২৪ মে) সকাল ৮ টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি।
ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করা আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসনের সংখ্যা রয়েছে ৩৩ হাজার ৩১৫ টি। ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনায় জানানো হয়েছে, ঈদের আগে প্রতিদিনের যাত্রার জন্য ধাপে ধাপে টিকিট বিক্রি হবে।
৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে
৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে
৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ৭ দিনের যাত্রার টিকিট এক বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি হবে। তবে এসব টিকিট একবার কিনলে আর ফেরত দেওয়া যাবে না।
প্রত্যেক যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।
ঈদে যাত্রা নির্বিঘ্ন করতে আগেই প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট কাটতে আগ্রহীদের অনলাইনে যথাসময়ে প্রবেশ করে টিকিট নিশ্চিত করতে বলা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম