প্রকাশ: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৭:১৫ পিএম আপডেট: ২৩.০৫.২০২৫ ৭:৩৩ PM

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য পার্লামেন্টে বিদায়ী ভাষণে লেবার পার্টির এমপি কাইল ম্যাকগিন এবার একটি ব্যতিক্রমী কাণ্ড ঘটালেন। তিনি বিদায়ী ভাষণ দেন এক পায়ে জুতা পরে। এরপর দীর্ঘ ৫৬ মিনিটের ভাষণ শেষে অপর পায়ের জুতায় বিয়ার ঢেলে পান করেন তিনি।
পার্লামেন্টে বক্তৃতা শেষে ম্যাকগিন বলেন, আমি এ ভাষণ কীভাবে শেষ করব তা নিয়ে অনেক ভেবেছি। শেষে মনে হলো, ‘শ্যুয়ি’ দিয়েই শেষ করাটাই সবচেয়ে ভালো। আমার এলাকার মানুষ এটি উপভোগ করবে বলেই বিশ্বাস আমার।
তিনি আরো বলেন, দুই মেয়াদে এখানে বেশ চমৎকার সময় কেটেছে। এজন্য সবাইকে ধন্যবাদ জানায়। চিয়ার্স!
এরপর একটি ক্যান থেকে নিজের জুতায় বিয়ার ঢেলে পান করেন তিনি।
এই দৃশ্যে পার্লামেন্টে তৈরি হয় এক হাস্যরস পরিবেশ। করতালি দিয়ে অনেকেই অভিনন্দন জানান তাকে। তবে কেউ কেউ আবার বিরক্তি প্রকাশ করেছেন এ ঘটনায়।
এ ঘটনায় পরিষদের সভাপতি আলানা ক্লোহেসি সাথে সাথে দাঁড়িয়ে বলেন, সম্মানিত সদস্য, আপনি পরিষদের মর্যাদা ক্ষুণ্ন করেছেন। আমি ধরে নিচ্ছি আপনার বক্তব্য শেষ।
‘অ্যাক্সিডেন্টাল পলিটিশিয়ান’ উল্লেখ করে নিজের বিদায়ী বক্তৃতায় কাইল বলেন, তিনি দুর্ঘটনাবশত রাজনীতিতে আসা একজন মানুষ। সরকারের ওয়েস্টপোর্ট প্রকল্পের সমালোচনা করে এ সময় তিনি বলেন, বন্দরের স্বয়ংক্রিয়করণ একটি প্রহসন ও ঠাট্টা।
প্রসঙ্গত, ২০১৭ সালে ম্যাকগিন প্রথমবারের মতো নির্বাচিত হন রাজ্য সংসদের উচ্চকক্ষে। গত মেয়াদে সংসদীয় সচিব হিসেবে ছিলেন তিনি। বিদায় সপ্তাহেও বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ মে) পার্লামেন্টে দেওয়া বক্তব্যে বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরনের কর ও নিয়োগ নীতির তীব্র সমালোচনা করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/আইজেপি