প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ১১:২৬ AM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে টানা সাত দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার সমর্থকেরা। আন্দোলনের অংশ হিসেবে এবার তারা নগর ভবন ছেড়ে অবস্থান নিয়েছেন রাজধানীর মৎস্য ভবনের সামনে।
বুধবার (২১ মে) সকাল থেকেই আন্দোলনকারীরা হাইকোর্ট গেট, প্রেসক্লাব ও শিক্ষা ভবনের মোড়ে জড়ো হন। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। পরে তারা একত্রে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন এবং চারপাশের রাস্তা অবরোধ করেন।
এ সময় নগর ভবন এলাকা ছিল ফাঁকা; সেখানে কোনো নেতাকর্মী দেখা যায়নি।
আন্দোলনকারীরা জানিয়েছেন, ইশরাকের মেয়র পদ নিয়ে দায়ের করা রিটের আদেশ দুপুর ১২টায় হওয়ার কথা রয়েছে। তবে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
স্বদেশ প্রতিদিন/এনআর