প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৩ পিএম

রাজধানীর পল্লবীতে পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে বাসটি পার্কিং করা অবস্থায় আগুন লাগে।
মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার রোববার দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে বৃষ্টির মধ্যে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে পার্কিং করা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগে। বাসটি তখন চলাচল না করে পার্কিং করা অবস্থায় ছিল।
বাসে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কে বা কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে তাঁর সাবেক চালক ফোন করে বাসে আগুন লাগার খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বাসটি পুড়ে যেতে দেখেন।
বাস মালিক বলেন, পাশের একটি চায়ের দোকানের একজন দোকানদার প্রথম বাস থেকে ধোঁয়া উঠতে দেখেছিলেন। পুড়ে যাওয়া বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৮৭০৩।
ঘটনার পর বাসে আগুন লাগার কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানিয়েছেন বাস মালিক।
স্বদেশ প্রতিদিন/এস পি