প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৫:১০ পিএম আপডেট: ১৯.০৫.২০২৫ ৫:১৪ PM

সরকার এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৩০ হাজার ৭৫৮.৭ কোটি টাকার সম্পদ জব্দ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।
আজ সোমবার (১৯ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, এখন পর্যন্ত সরকারের জব্দকৃত মোট সম্পত্তির মূল্য ১ লাখ ৩০ হাজার ৭৫৮.৭ কোটি টাকা। বিদেশি অর্থ ১৬৪ মিলিয়ন ডলার। জব্দকৃত অস্থাবর সম্পত্তি আছে ৪২ হাজার ৬১৪.২৭ কোটি টাকা। অভ্যন্তরীণ অর্থ ২০.৭ মিলিয়ন ডলার।
তিনি আরও বলেন, দেশে লুটের টাকা বা লুটেরাদের জব্দকৃত অর্থ বাজেটে ব্যবহার নয় বরং দরিদ্র জনগোষ্ঠীর উপকারে ব্যবহার করবে সরকার।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘ব্যাংক থেকে লুট হওয়া অর্থ ব্যাংকগুলোর কাছেই ফেরত দেওয়া হবে। আর ভূমি বিক্রি ও অন্যান্য খাত থেকে লুট হওয়া টাকা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে।’
তিনি আরও জানান, লুট হওয়া অর্থ দিয়ে বিশেষ ফান্ড গঠন করা হবে, যা জনহিতকর প্রকল্পে কাজে লাগানো হবে।
নগদ সংক্রান্ত বিষয়ে গভর্নর বলেন, ‘নগদের সাবেক বোর্ড দুর্নীতির মাধ্যমে সাড়ে ৬০০ কোটি টাকা আত্মসাৎ করেছে এবং সরকারের পক্ষ থেকে আরও ২ হাজার কোটি টাকা নেয়া হয়েছে। এ কারণে তাদের হাতে নগদের পরিচালনা দায়িত্ব দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘বর্তমান আইনি কাঠামোর সীমাবদ্ধতার কারণে অনেক গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনও বাধাগ্রস্ত হচ্ছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম