প্রকাশ: রবিবার, ১৮ মে, ২০২৫, ১০:০৫ পিএম আপডেট: ১৮.০৫.২০২৫ ১০:৪২ PM

গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ‘অপারেশন গিডিয়নের রথ’ নামের এই অভিযানে উত্তরের পাশাপাশি দক্ষিণ গাজাতেও তীব্র আক্রমণ চালানো হচ্ছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বোমাবর্ষণে এখন পর্যন্ত অন্তত ১৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতালগুলোতে জায়গা নেই, বিশেষ করে উত্তর গাজার সব সরকারি হাসপাতাল কার্যত বন্ধ হয়ে গেছে।
দেইর আল-বালাহ থেকে আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি জানিয়েছেন, গাজায় খাদ্য সংকট চরমে পৌঁছেছে। অনেক পরিবার দিনে একটি খাবারও জোটাতে পারছে না। কেউ কেউ বলছেন, তিন দিনেও কোনো খাবার পাননি।
ইসরায়েলি ড্রোন এবং যুদ্ধবিমান নিয়মিত গাজার আকাশে চক্কর দিচ্ছে। পাশাপাশি ট্যাঙ্ক দিয়ে স্থল সীমান্তে এগোচ্ছে ইসরায়েলি সেনারা। উত্তরের গাজা শহর, কেন্দ্রীয় অঞ্চল, রাফা ও খান ইউনুসে একযোগে হামলা চালানো হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে আছেন বলে জানিয়েছে গাজা সিভিল ডিফেন্স সংস্থা। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে।
অন্যদিকে, হামাসের এক শীর্ষ নেতা ওসামা হামদান বলেন, কাতারে চলমান যুদ্ধবিরতির আলোচনায় কিছু ‘অগ্রহণযোগ্য’ প্রস্তাব দেওয়া হয়েছে। তবে আলোচনায় এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজার ২৩ লাখ বাসিন্দাকে অন্য দেশে পুনর্বাসনের প্রস্তাব দিয়েছেন, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। ফিলিস্তিন, আরব দেশ এবং আন্তর্জাতিক মহল এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে।
ডাচ কট্টর ডানপন্থী রাজনীতিক গির্ট উইলডার্স হেগে গাজা অবরোধবিরোধী বিক্ষোভকারীদের ‘হামাসপন্থী’ বলে আখ্যা দিয়েছেন, যদিও এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি। বিক্ষোভের আয়োজন করে অক্সফাম নভিব, যারা বলছে—এই প্রতিবাদ ছিল গাজায় চলমান অবরোধ ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ‘অপারেশন গিডিয়ন’-এর আওতায় গাজা জুড়ে শত শত হামাস লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং বহু ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। তথ্যসূত্র: আল জাজিরা
স্বদেশ প্রতিদিন/কেএইচ