প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ১১:৪০ AM আপডেট: ১৪.০৫.২০২৫ ১২:৪৬ PM

গ্রেফতার ৩ জন
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্য হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে রাজধানীর রাজাবাজারসহ কয়েকটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে আটক ব্যক্তিদের নাম জানা যায়নি।
এ ঘটনায় বুধবার (১৪ মে) সকালে নিহতের বড় ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি একটি মামলা দায়ের করেছেন।
বুধবার সকালে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।
এর আগে, মঙ্গলবার (১৩ মে) দিনগত রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঘটনার পর এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম রাতে জানান, সোহরাওয়ার্দী উদ্যানের কালিমন্দিরের পাশে ৩ যুবক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্যর ওপর হামলা করে। এ সময় হামলাকারীরাও আহত হয়। তারা একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে ২ জনকে আটক করে। এ সময় পালিয়ে যায় আরেক যুবক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে জানা গেছে রমনা কালিমন্দিরের পাশে মোটরসাইকেলে ধাক্কাকে কেন্দ্র করে একটি মারামারির ঘটনা ঘটে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। বিস্তারিত জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের স্যার এ এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হাসপাতালের জরুরি বিভাগ ও চত্বরে মধ্যরাতেও নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়।
স্বদেশ প্রতিদিন/এনআর