প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৯:১৬ পিএম

ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে ক্লাস চলাকালীন সময়ে ক্যাম্পাসে ঘুরাফেরা, আড্ডা ও সকল ধরনের খেলাধুলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ মে) অধ্যক্ষ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ জারি করা হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তরসহ সকল শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ৮ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ক্লাস চলাকালীন সময়ে কলেজ মাঠে ঘুরাফেরা, আড্ডা দেওয়া ও খেলাধুলা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে এবং এই সময় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন কলেজটির অধ্যক্ষ।’
কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাবের সভাপতি আজম খান বলেন, ‘ক্যাম্পাস চলাকালীন সময়ে অনেক বহিরাগত শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং অনেক শিক্ষার্থী ক্লাস না করে মাঠে খেলাধুলায় অংশ নেয় যা একেবারেই অনুচিত। ক্যাম্পাসের সকল ছাত্রসংগঠন এই বিষয়টির প্রতি উদ্বেগ প্রকাশ করেছে এবং তাদের সম্মিলিত মতামতের ভিত্তিতেই আজকের নোটিশটি প্রকাশ হয়েছে বলেও জানান তিনি।’
কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইরফান আহমেদ ফাহিম বলেন, ‘ক্যাম্পাসে আমাদের প্রধান উদ্দেশ্য পড়ালেখা করা। কিন্তু ক্লাসের সময় যদি কেউ ক্লাস না করে মাঠে আড্ডা দেয়, তাহলে এতে যেমন তাদের নিজের ক্ষতি হয়, তেমনি যারা সঠিকভাবে ক্লাস করছে, তাদের মনোযোগেও ব্যাঘাত ঘটে। তাই এই সিদ্ধান্তটি অবশ্যই যৌক্তিক। শিক্ষার্থীরা যেন নিয়মিত ক্লাস করে এবং অন্যদের ক্লাসে যেন ক্ষতি না সে আহবান জানান তিনি।
এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনে কথা বলতে অস্বীকৃতি প্রকাশ করেন।
স্বদেশ প্রতিদিন/এমএম