প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৯:৩১ পিএম আপডেট: ০৮.০৫.২০২৫ ৯:৪৫ PM

টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হাড়িয়ে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৮ মে) বিকাল সারে ৫ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই মিলগেট নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
গোড়াই হাইওয়ে থানার পুলিশ জানায়, বাসা পরিবর্তনের জন্য বাসার মালামাল নিয়ে একটি পিকআপ টাঙ্গাইলের উদ্দেশ্যে যাচ্ছিল। যাত্রাকালীন বিকাল সারে ৫ টার দিকে মিলগেট এলাকায় সামনে থাকা একটি ট্রাককে ধাক্ক দেয়। এতে ঘটনাস্থনেই পিকআপের চালক, হেলপার ও মালামালের মালিকসহ ৩ জন নিহত হন। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মী ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং সংঘর্ষের ধুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপটি মহাসড়ক থেকে সরিয়ে ফেলে যানচলাচল স্বাভাবিক করেন।
হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ‘নিহতদের মধ্যে একজন বেসরকারি কোম্পানিতে চাকুরি করতেন বলে আমরা জানতে পেরেছি। তিনি তার বাসা পরিবর্তনের জন্য মালামাল সরাতে পিকআপটি ভাড়া করেছিলেন। এছাড়া নিহতদের মধ্যে একজন পিকআপের চালক অপরজন হেলপার।’
মির্জাপুর ফায়ার সার্ভিস ও স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে ছুটে যাই এবং নিহতদেরকে উদ্ধার করে হাইওয়ে থানায় হস্তান্তর করি।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান সাংবাদিকদের বলেন, ‘নিহতদের নাম-পরিচয় জানার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মৃতদেহ হস্তান্তর করা হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম