প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ১১:১২ পিএম

সান সিরো, মিলান- চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে লেখা হয়ে গেলো আরেকটি স্মরণীয় অধ্যায়। বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যে দুই লেগে ১৩ গোলের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে অবশেষে ফাইনালের টিকিট পেল ইন্টার মিলান।
মঙ্গলবার রাতে ইন্টারের ঘরের মাঠ সান সিরোয় দ্বিতীয় লেগে মাঠে নামে দুই ইউরোপিয়ান জায়ান্ট। প্রথম লেগে ড্র হওয়ার পর এই ম্যাচ ছিল ফাইনালে ওঠার নির্ধারক। ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল ইন্টার, প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় তারা। তবে হাল ছাড়েনি বার্সা। দ্বিতীয়ার্ধে এরিক গার্সিয়া ও দানি ওলমোর গোলে ম্যাচে সমতা ফেরায় কাতালানরা।
৮৮ মিনিটে রাফিনিয়াহ গোল করে বার্সাকে এগিয়ে দিলেও, অতিরিক্ত সময়ে ইন্টারের অভিজ্ঞ ডিফেন্ডার আচেরবির গোলে ম্যাচ আবারও সমতায় ফেরে।
দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৬-৬। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তখনই ম্যাচের নায়ক হয়ে ওঠেন ফ্রাত্তেসি। তার অসাধারণ গোলে ৭-৬ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার। এরপর ইয়ামাল ও রাফিনিয়ারা একের পর এক আক্রমণ চালালেও, ইন্টারের সুইস গোলরক্ষক সোমার ছিলেন দুর্ভেদ্য প্রাচীরের মতো।
এই জয় দিয়ে ১০ বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল ইন্টার মিলান। অন্যদিকে বার্সেলোনার জন্য এই সেমিফাইনাল ছিল স্বপ্নভঙ্গের এক রাত। ১৩ গোলের এই সেমিফাইনাল চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সবচেয়ে বেশি গোল হওয়া ম্যাচগুলোর একটি।
স্বদেশ প্রতিদিন/এমএম