প্রকাশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১২:১৫ AM

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের ‘কাপুরুষোচিত হামলা’র নিন্দা জানিয়ে বলেছেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী পাল্টা জবাব দিয়েছে এবং তা জাতির দৃঢ় সংকল্প ও যুদ্ধ প্রস্তুতির পরিচায়ক।
বুধবার জাতীয় পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, অতীতের মতো এবারও ভারত রাতের আঁধারে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। তবে সাহসী সশস্ত্র বাহিনী তাদের উপযুক্ত জবাব দিয়েছে।
তিনি বলেন, পাল্টা প্রতিরোধে শত্রুপক্ষ বিভ্রান্ত হয়েছে। পাকিস্তানের পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে শক্তি ও মর্যাদা সম্পর্কে তারা এখন সচেতন। এতে তাদের ঘুম হারাম হয়ে গেছে।
প্রধানমন্ত্রী জানান, পাকিস্তানের যুদ্ধবিমানগুলো সম্পূর্ণ প্রস্তুত ছিল এবং তারা ভারতীয় বিমানগুলোর যোগাযোগ ব্যবস্থা অকার্যকর করে দেয়, যা তাদের শ্রীনগরে ফিরে যেতে বাধ্য করে।
তিনি বলেন, এই সাফল্য আমাদের জাতির একতা, সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দেশপ্রেমের প্রতিফলন।
শেষে তিনি সামরিক বাহিনীর অবদানের স্বীকৃতিস্বরূপ একটি প্রস্তাব গ্রহণের আহ্বান জানান এবং সংসদ সদস্যরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল
স্বদেশ প্রতিদিন/এনআর