
বসন্তের শেষে যখন গ্রীষ্ম এসে চুপিসারে ঢুকে পড়ে বাঙালির উঠোনে, তখন বাতাসে ভেসে আসে এক অপরিচিত অথচ চেনা গন্ধ—কাঁচা আমের। এই কাঁচা আম যেন শুধু একটি ফল নয়, এ এক ঋতুর বার্তা, রসনার আহ্বান, আর প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা রান্নাঘরের গল্প।
গ্রীষ্মের দুপুরে বালিশের নিচে রাখা কাঁচা আমের টকগন্ধ একসময় ছিল গ্রামীণ মেয়েলি স্মৃতির অঙ্গ। পুকুরপাড়ে কাঁচা আম ঝাড়ার সেই দস্যিপনা, কিংবা মাটির হাঁড়িতে রাখা দাদির বানানো আমচুর—সবই জড়িয়ে আছে বাঙালির রন্ধনঐতিহ্যে। কাঁচা আমের একেকটি টুকরো যেন একেকটি স্বাদের মোড়ক, যার ব্যবহার শুধু ঝাল-টক নয়, বরং পুরো এক রকমের আবেগ।
আমসত্ব: রোদের নিচে শুকানো মায়ের ভালবাসা
কাঁচা আম যখন পাকতে থাকে, আর গ্রীষ্মের রোদ মাটির উঠোনে ছায়া ফেলে, তখন বাংলার ঘরে ঘরে শুরু হয় আমসত্ব বানানোর এক নীরব উৎসব। এটা কেবল একটি সংরক্ষিত খাবার নয়, বরং এক ঋতুর স্মৃতি, এক বেলার অপেক্ষা, এবং মাটির ঘ্রাণে লেপা রসনার অমল স্বাদ।
পূর্ববঙ্গের (বর্তমান বাংলাদেশ) বহু অঞ্চলে এটি ‘আমটক’, ‘আমপাতা’ বা ‘আমতৈরি’ নামেও পরিচিত। রাজশাহী, দিনাজপুর, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, এমনকি কুমিল্লা অঞ্চলেও আমসত্ব তৈরির কৌশলকে শিল্পের মর্যাদা দেওয়া হয়।
আমসত্ব তৈরিতে প্রয়োজন পাকা আম, চিনি বা গুড়, আর রোদ—তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো অপেক্ষা। প্রথমে পাকা আম কেটে শাঁস বের করে একটি বড় হাঁড়িতে নিয়ে জ্বাল দেওয়া হয়। সেই জ্বাল দেওয়া মণ্ডে মেশানো হয় চিনি বা গুড়, কখনো কখনো সামান্য লবণ বা এলাচের গুঁড়া। একটানা নাড়তে নাড়তে মণ্ড যখন ঘন হয়, তখন তা ঢেলে দেওয়া হয় তেলমাখা ট্রেতে। মাটির ছাদে বা উঠোনে সেই ট্রে রেখে দেওয়া হয় সূর্যের তাপে শুকানোর জন্য। প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে শুকানো হয়। দিন পনেরো পেরোলে তৈরি হয় সেই সোনালি, অল্প টক-মিষ্টি, জিভে লেগে থাকা রসালো আমসত্ব।
আজ যখন শহরের সুপারশপে প্যাকেটবন্দি আমসত্ব বিক্রি হয়, তখন হয়তো স্বাদটা ঠিক একই থাকে না। কারণ, এখনকার আমসত্বে নেই মাটির উঠোনের গন্ধ, নেই মায়ের হাতের ঘাম, কিংবা সেই বৃষ্টির দিনে রোদ না ওঠায় রাগ করা ছোট্ট বোনের কান্না।
কাঁচা আমের ভর্তা: পাটায় পাটায় গাঁথা গ্রামবাংলার স্বাদ
বাঙালির ভর্তা সংস্কৃতিতে কাঁচা আমের স্থান চিরস্থায়ী। শুকনা মরিচ, রসুন আর একটু সরিষার তেল—এই তিনের সংমিশ্রণে গুঁড়ো করা কাঁচা আম যেন এক অনবদ্য স্বাদে পরিণত হয়। গরম ভাতের সাথে এক চামচ কাঁচা আমের ভর্তা মানেই দুপুরের খাবারে এক অপূর্ব আহ্লাদ। কালবৈশাখীর ঝড়ে কুড়িয়ে আনা আমমাখা বাচ্চাদের মনে দিত প্রশান্তির ছোঁয়া। এই আম কুড়নোর সময়ও চলত তুমুল প্রতিযোগিতা।
আমপান্না: শরবতের গ্লাসে ঠান্ডা টক আনন্দ
গরমে ক্লান্ত শরীরে এক গ্লাস আমপান্না মানেই প্রশান্তির ছোঁয়া। সেদ্ধ কাঁচা আমের শাঁস, বিট লবণ, সামান্য চিনি আর পুদিনা পাতা—এই সহজ উপকরণগুলো দিয়েই তৈরি হয় এই অতুলনীয় পানীয়। এটি শুধু স্বাদের জন্য নয়, স্বাস্থ্যরক্ষার দিক থেকেও অনন্য। কাঁচা আমে থাকা ভিটামিন সি, ভিটামিন এ ও অন্যান্য ২৫ ধরনের ক্যারোটেনয়েডস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। বিশেষ করে, আমে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি ভালো রাখে ও চোখের চারপাশের শুষ্কভাবও দূর করে। কাঠফাটা এই গরমে ছোট থেকে বড় সবার জন্যই এই আমপান্না উপযোগী একটি শরবত।
আমের মিষ্টি আচার: সময়কে বোতলে পুরে রাখা
যখন আম গাছ থেকে নামিয়ে ফেলা হয় একঝাঁক কাঁচা আম, তখন শুরু হয় আচারের রসায়ন। সরিষার তেলে ভাজা পাঁচফোড়নের ঘ্রাণে যখন চিনি মিশে গিয়ে তৈরি হয় মিষ্টি আচার, তখন মনে হয়—এই স্বাদ কোনো ঋতু নয়, বরং একটি সংরক্ষিত অনুভূতি। মাটির পাত্রে রাখা সেই আচার বছরের পর বছর থেকেও যেন স্বাদ হারায় না। আমাদের দাদি-ঠাকুমা, মায়েরা কাঁচা আমের আঁচার বানিয়ে সংরক্ষণ করে রাখেন। গ্রীষ্মের দুপুরে ছাদে রোদে রাখা আমের আঁচার চুরি করার মধ্যেও থাকত অন্যরক আনন্দ।
কাঁচা আম কেবল একটি ঋতুভিত্তিক ফল নয়, এটি বাঙালির স্মৃতির অংশ, খাদ্যসংস্কৃতির অংশ। একেক ঘরে একেক রকমের রান্না, একেক অঞ্চলে একেক স্বাদের আদল—সব মিলিয়ে কাঁচা আম যেন বাঙালি রান্নার এক অবিচ্ছেদ্য অনুষঙ্গ। আধুনিকতার ঘূর্ণিতে ভেসে গেলেও, এই কাঁচা আমের স্বাদ-গন্ধ এখনও বাংলা রান্নাঘরের অলিগলিতে জীবন্ত, যেমন জীবন্ত থাকে চৈত্রের শেষে ধরা দেওয়া প্রথম কাঁচা আমের ছোঁয়া।
স্বদেশ প্রতিদিন/এনআর